

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সম্ভাব্য প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিষয়ে মন্তব্য করার কোনো রাজনৈতিক এখতিয়ার তার নেই।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি তার নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে—যেখানে বলা হচ্ছে, ‘জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল-জুলুম খাটতে হবে না।’ এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
বিডিপি চেয়ারম্যান বলেন, “আমি ইসলামী জোটের অংশ হিসেবে মনোনয়ন পেয়েছি, জামায়াত আমাকে সমর্থন দিয়েছে—এটাই সত্য। তবে কারও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করার অধিকার আমার নেই। আমার ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা রাজনৈতিক অসততার পরিচায়ক।”
তিনি আরও বলেন, “গত পাঁচ মাসে আমি নান্দাইলের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান, ১০৫টি হাট-বাজার ও ২০০-র বেশি গ্রামে ঘুরেছি। জনগণের সঙ্গে সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে কাজ করছি। কিন্তু কিছু গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গুজব ছড়াচ্ছে।”
আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে তার নামে তৈরি কিছু ফটোকার্ডে বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। “এ ধরনের অপপ্রচার রাজনীতিতে বিভাজন তৈরি করে,” বলেন তিনি।
রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে তিনি জানান, ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পরে দীর্ঘদিন সৌদি আরব বিএনপির রিয়াদ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে দেশে ফিরে নতুন রাজনৈতিক ধারা তৈরিতে উদ্যোগ নেন এবং ২০২২ সালের ১ মার্চ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)’ প্রতিষ্ঠা করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দলটির নিবন্ধন পাওয়ার পর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন তিনি।
মন্তব্য করুন
