

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণভোটে অংশগ্রহণে সম্মতি দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এ ধন্যবাদ জানান।
তবে গণভোটের সময়সূচি নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে বলে জানান তিনি। তাহের বলেন, “গণভোটের উদ্দেশ্য হলো সংস্কার কমিশনের প্রস্তাব যাচাই করা, এটি জাতীয় নির্বাচনের বিকল্প নয়।
তবে সময় নির্ধারণ সঠিক না হলে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।”
তিনি আরও বলেন, “উচ্চকক্ষ গঠন এবং ‘পিআর সিস্টেম—বাই ভোটার, নট বাই এমপিস’ বিষয়ে কমিশনের সব পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
তাই নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন। যদি জাতীয় নির্বাচনের দিনই গণভোট হয়, তবে উচ্চকক্ষ গঠনের প্রশ্নে জটিলতা তৈরি হবে।”
তাহের উদাহরণ টেনে বলেন, “যেমন সন্তান জন্মের আগেই তার জামা-কাপড় কেনা হয়—গণভোটের দিন পর্যন্ত যদি উচ্চকক্ষ না থাকে, তবে সেটির ওপর ভোট দেওয়া সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য।”
তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে প্রশাসনিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
নির্বাচনের ব্যস্ততায় অনেকে ঐকমত্য কমিশনের ব্যালটের দিকেই তাকাবেন না।”
জামায়াত নেতা প্রস্তাব দেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করাই যুক্তিসঙ্গত। আমরা নভেম্বর মাসে গণভোটের সময়সূচি নির্ধারণের প্রস্তাব দিয়েছি।”
সবশেষে তিনি জানান, ঐকমত্য কমিশনের যেসব বিষয়ে একমত সিদ্ধান্ত হয়েছে, সেগুলোকে একত্র করে একটি প্যাকেজ আকারে গণভোট আয়োজনের প্রস্তাবও দিয়েছে জামায়াত।
মন্তব্য করুন