সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা: জামায়াত আমির 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংবিধান সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে রায় দিয়েছে। কিন্তু সরকার সংবিধান সংষ্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। সংবিধান সংশোধন কমিটি সংবিধানের কোনো বিধিতে আছে কি-না সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সংবিধান সংশোধনের নামে কোনো ভাঁওতাবাজি জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবির মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অনেকেই প্রতিবেশী দেশ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। আমরাই একমাত্র দল, যাদের তারা পছন্দ করে না। তারা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ জানিয়েছে, শুধু জামায়াতে ইসলামীর জন্য লাল কার্ড। কিন্তু আমরা সেই লাল কার্ডের পরোয়া করি না। ভারতের মাটিতে আশ্রয় নেওয়ার চিন্তাও আমরা করি না। এই দেশই আমাদের দেশ। আমাদের আশ্রয়ের জায়গা বাংলাদেশের ১৮ কোটি মানুষের অন্তর।

জামায়াত আমির বলেন, জাতি হিসেবে আমরা গর্বিত এবং লজ্জিত। ১৯৪৭ থেকে ২০২৪ আমাদের প্রতিটি অর্জনের জন্য আমরা গর্বিত। লজ্জিত এজন্য আমাদের জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ফসল প্রতিবারই ছিনতাই করা হয়েছে। কিন্তু আমরা চব্বিশকে হারিয়ে যেতে দেবো না।

তিনি বলেন, এই চব্বিশ না হলে, আমি এখানে বক্তব্য দিতে পারতাম না, সংসদ সদস্য হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না। একইভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না, বিএনপি সরকার গঠন করতে পারতো না। কিন্তু সরকারের মন্ত্রীদের বক্তব্যে জাতি আশাহত হচ্ছে।

সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কিছু মন্ত্রী দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। সংসদে এসব বিষয় উত্থাপন করলে তা সংসদের বাইরের বিষয় বলে এড়িয়ে যাওয়া হয়, অথচ বিরোধীদের সমালোচনা করতে গিয়ে বহু পুরোনো ঘটনাও টেনে আনা হয়।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠন এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু এসব প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।

আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন