শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে জামায়াতের পক্ষে স্বাক্ষর করবেন ২ নেতা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন জুলাই সনদে স্বাক্ষরকারীদের তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে দু’জন করে প্রতিনিধির নাম জাতীয় ঐকমত্য কমিশনে পাঠিয়েছে।

জামায়াতে ইসলামী থেকেও সনদে স্বাক্ষরের জন্য নির্ধারিত হয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

দীর্ঘদিন ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন আবদুল্লাহ তাহের, আর দলের সংগঠনগত প্রধান হিসেবে স্বাক্ষর করবেন পরওয়ার।

দলটির সূত্র জানায়, আগের জুলাই ঘোষণায় তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপেক্ষিত হয়েছিল। তাই এবার জামায়াত সনদের প্রতিটি ধারা ভালোভাবে পর্যালোচনা করে পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সনদে কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে এবং গণভোট কবে ও কীভাবে অনুষ্ঠিত হবে—এসব বিষয় যাচাই করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

তিনি আরও জানান, জামায়াত সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) প্রতিনিধিত্ব ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। দলটি দেখতে চায়, সনদে এই প্রস্তাব কতটা প্রতিফলিত হচ্ছে।

অন্যদিকে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে তারপরই স্বাক্ষর করব। এখনই কিছু বলা সময়োপযোগী নয়।”

সূত্র বলছে, খুব শিগগিরই জামায়াতের শীর্ষ নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন, যেখানে সনদ-সংক্রান্ত চূড়ান্ত আলোচনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন