

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। তিনি মন্তব্য করেন, যারা অতীতে পূজার সময় মন্দিরে হামলা করত, তারা এখন দেশে নেই।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুরের বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, আমরা লক্ষ্য করেছি, অতীতে পূজার সময় দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটত। কিন্তু এবারে সেসব কিছু হয়নি। এটি প্রমাণ করে—যারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করত, তারা আর দেশের ভেতরে নেই।
তিনি আরও বলেন, “যারা মুখে মুখে অমুসলিম নাগরিকদের নিরাপত্তার কথা বলেন, তাদের আমলেই দেশে সবচেয়ে বেশি হামলা হয়েছে। এবারের দুর্গাপূজার সময় কেউ কোনো ধরনের আতঙ্কে ছিল না। ইসলাম কখনো ঘৃণা শেখায় না, বরং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করার শিক্ষা দেয়।”
জামায়াত নেতা বলেন, আমরা রাজনীতি করি দেশের পরিবর্তনের জন্য, ক্ষমতার জন্য নয়। বর্তমান রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত নয়। আমরা এমন একটি ইনসাফভিত্তিক সমাজ চাই, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য পাবে এবং কারও প্রতি বৈষম্য থাকবে না।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে পারবে কি না। মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে—এই পরিবেশ তৈরি করাই হবে সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ ভোটকেন্দ্র দখল করতে আসে বা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে, তবে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ভোটাধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বদরগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ শাহিনুর ইসলাম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. মতিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফেডারেশনের রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, রংপুর জেলা সভাপতি মো. বেলাল আবেদীন, উপদেষ্টা শাহ মুহাম্মদ রুস্তম আলী এবং পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি নূর আলম সিদ্দিকী।
এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিরাও সমাবেশে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
