শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাফিজকে মনোনয়ন দিলো জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম
ড. হাফিজুর রহমান
expand
ড. হাফিজুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তুরস্কের তোকাত গাজি ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক ড. হাফিজুর রহমান।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরে অনুষ্ঠিত এক রুকন সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় উপস্থিত জামায়াতের রুকনরা সর্বসম্মতিক্রমে ড. হাফিজের মনোনয়ন সমর্থন জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নির্বাচন কমিশনার মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ড. খলিলুর রহমান মাদানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গাজীপুরের কালনী গ্রামের সন্তান ড. হাফিজুর রহমান পেশায় শিক্ষক ও লেখক। তিনি বর্তমানে তুরস্কে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বাংলাদেশ ফোরাম অব তুর্কির সভাপতি ও তুরস্কে জামায়াতের নেতৃত্বে যুক্ত আছেন বলে জানা গেছে।

শিক্ষাজীবনে তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র সংসদের ভিপি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়নকালে ছাত্রনেতা ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তুরস্ক সরকারের বৃত্তিতে আঙ্কারার গাজি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

লেখালেখিতেও সমানভাবে পরিচিত ড. হাফিজুর। তার লেখা ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বইটি বইমেলায় সর্বাধিক বিক্রিত গ্রন্থের মধ্যে ছিল। এছাড়া ‘আমার দেখা তুরস্ক’ এবং ‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা’ বই দুটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

শিক্ষক, গবেষক ও লেখক — এই তিন পরিচয়ে সমৃদ্ধ ড. হাফিজুর রহমানের প্রার্থিতা গাজীপুরের তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি করেছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, তার মনোনয়ন টঙ্গী অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন