শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান

গাজীপুর প্রতিনিধি:
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম
expand
গাজীপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার সকালে টঙ্গীতে অনুষ্ঠিত গাজীপুর মহানগর জামায়াতের রুকন সম্মেলনে গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে দলের প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

ঘোষণার পরপরই গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে ড. হাফিজুর রহমানের নেতৃত্বে এক বিশাল গণমিছিল বের করা হয়। সকাল ১০টার দিকে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর ও গাজীপুর -৫ (কালীগঞ্জ) আসনের প্রার্থী মো. খায়রুল হাসান, গাজীপুর-২ (সদর) আসনের প্রার্থী মো. হোসেন আলী, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূইয়া, পূর্ব থানা আমীর নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি সম্ভব নয়।

এদিকে জামায়াতের প্রার্থী ঘোষণা এবং পরবর্তী এই গণমিছিলকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন ড. হাফিজুর রহমানের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির দৃঢ় প্রদর্শনী হিসেবে।

তরুণ একাডেমিশিয়ান ড. হাফিজুর রহমান: শিক্ষাঙ্গন থেকে রাজনীতির অঙ্গনে

গাজীপুরের কৃতি সন্তান ও আন্তর্জাতিক অঙ্গনে স্বনামধন্য একাডেমিশিয়ান ড. হাফিজুর রহমান বর্তমানে তুরস্কের তোকাত গাজি ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি তুরস্কের জামায়াতের সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ ফোরাম অব তুর্কির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদের সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক ছাত্রনেতা এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একাডেমিক জীবনে তিনি গাজীপুরের গর্ব।

বাড়িয়া ইউনিয়নের কালনী গ্রামের এই কৃতি সন্তান দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পরে তুরস্ক সরকারের স্কলারশিপে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার লেখা আলোচিত বই ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বাংলাদেশের বইমেলায় সর্বাধিক বিক্রিত গ্রন্থের তালিকায় ছিল। এছাড়া ‘আমার দেখা তুরস্ক’ ও ‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা’ বই দুটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

শিক্ষক, লেখক ও খতিব এই তিন পরিচয়ে সমৃদ্ধ ড. হাফিজুর রহমান একাধারে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেন এবং জুমার খুতবাও দেন। তার জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বগুণ তরুণ প্রজন্মের কাছে তাকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজীপুর–৬ আসনে জামায়াতের এই তরুণ ও শিক্ষিত প্রার্থী একটি নতুন ভোটধারা সৃষ্টি করতে পারেন। দলীয় সূত্র জানিয়েছে, জামায়াত চায় সৎ, শিক্ষিত ও প্রগতিশীল নেতৃত্বের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিবাচক রাজনৈতিক বার্তা পৌঁছাতে, আর ড. হাফিজুর রহমান সেই ধারারই প্রতীক। গাজীপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের মাঝে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে তার প্রার্থিতা। প্রবাসী অধ্যাপক, গবেষক ও জনপ্রিয় লেখক এই প্রার্থীকে ঘিরে এখন টঙ্গীজুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনার ঝড়।

উল্লেখ্য, গাজীপুরে ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই ইতিপূর্বে প্রার্থীতা ঘোষণা করে জামায়াত। মহানগরীর টঙ্গীর আউচপাড়া তথা ৫৪ নম্বর ওয়ার্ডের ভোটার হাফিজুর রহমানকে সর্বশেষ গাজীপুর-৬ আসনের প্রার্থী ঘোষণা করা হলো। আসনটি গাজীপুরে নতুন। এর আগে এ জেলায় আসন সংখ্যা ছিলো মোট ৫টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন