শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের ফোনে শিক্ষকতা ছেড়ে জামায়াতের এমপি প্রার্থী হলেন ড. হাফিজুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:০১ পিএম আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম
ড. হাফিজুর রহমান
expand
ড. হাফিজুর রহমান

গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে।

তিনি একসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ছিলেন এবং ২০১০-১১ শিক্ষাবর্ষে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদের (ভিপি) দায়িত্বও পালন করেন।

তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ড. হাফিজ। তবে দলের আহ্বানে তিনি দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমীরে জামায়াত আমাকে ফোন করে গাজীপুর-৬ থেকে প্রার্থী হওয়ার কথা জানান। আমি একে দায়িত্ব হিসেবে নিয়েছি এবং দেশের জনগণের জন্য কাজ করতে ফিরে এসেছি। ইনশাআল্লাহ পরিবর্তনের পথে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করব।”

তিনি আরও জানান, গাজীপুর-৬ এলাকায় আইনশৃঙ্খলা, শিক্ষা ও চিকিৎসা সেবার অবস্থা উন্নয়নে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য ফ্রি ওষুধ বিতরণ কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরের এক রকন সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।

দলীয় সূত্র বলছে, শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ড. হাফিজুরকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাতে গাজীপুরে নতুন ধারা সৃষ্টি হয়। তিনি এর আগে তুরস্ক জামায়াতের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. হাফিজুর রহমানের জন্ম গাজীপুর জেলার কালনী গ্রামে। স্থানীয় কালনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনা করেন। পাশাপাশি তা’মীরুল মিল্লাত থেকে ফাজিল ও কামিল ডিগ্রি সম্পন্ন করেন।

২০১৪ সালে তুরস্ক সরকারের বৃত্তিতে পিএইচডি অর্জনের লক্ষ্যে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ২০২০ সালে ডক্টরেট সম্পন্ন করেন। এরপর ২০২১ সালে তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে গবেষণায় নিয়োজিত আছেন।

একজন একাডেমিশিয়ান ও গবেষক হিসেবে পরিচিত ড. হাফিজ লেখালেখিতেও সমান পারদর্শী। তার লেখা ‘এরদোয়ান : দ্য চেঞ্জ মেকার’, আমার দেখা তুরস্ক এবং ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা—এই তিনটি বই পাঠকমহলে জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক জার্নাল ও গণমাধ্যমে তার লেখা গবেষণা নিবন্ধ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন