

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানিয়েছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচন করতে হলে তা ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে, তাই এই ভিত্তিতে নির্বাচন হওয়া জরুরি।
বুধবার (৮ অক্টোবর) রাজশাহীতে “আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন ব্যবস্থা প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সেমিনার আয়োজন করে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
মতিউর রহমান আকন্দ বলেন, “বাংলাদেশে এখন পর্যন্ত ১২ ধরনের নির্বাচন হয়ে গেছে। নির্বাচন ব্যবস্থার যথাযথ সংস্কার না হলে মানবাধিকার, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সেমিনারের কোনো কার্যকারিতা থাকবে না। কমিশন ৩১টি দলের কাছে পিআর প্রস্তাব উপস্থাপন করেছেন। বিস্তারিত আলোচনার পর ২৬টি দল পিআরের পক্ষে মত দিয়েছে। এটি একটি স্পষ্ট ঐকমত্য।”
তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি কোনো দলের বা ব্যক্তির জন্য নয়। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী কার্যকর হয়নি। পিআর ভিত্তিক নির্বাচন করলে গণতান্ত্রিকভাবে প্রত্যেক ভোটারের ভোটের সঠিক প্রতিফলন হয়। পাশাপাশি ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু এবং নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্ব পাবে। এতে রাজনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসবে।”
সেমিনারে বক্তারা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায়, তিনিই জয়ী) পদ্ধতির সীমাবদ্ধতার বিষয়েও মন্তব্য করেন। তারা বলেন, “ধরে নিন কোনো নির্বাচনি এলাকায় একজন প্রার্থী ৩৫ শতাংশ ভোট পায়, আর বাকি ৬৫ ভাগ ভোট অন্যদের মধ্যে বিভক্ত। তখনও কেবল ৩৫ শতাংশ ভোটের প্রার্থী নির্বাচিত হয়। অর্থাৎ ৬৫ শতাংশ ভোটারের মতামত মূল্যায়িত হয় না।”
সেমিনারে বিভিন্ন স্তরের জনগণ, বুদ্ধিজীবী ও পেশাজীবী অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ। যৌথ সঞ্চালনায় ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী এবং সহকারী সেক্রেটারি মো. শাহাদত হোসাইন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু সেলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর মো. শরিফুল ইসলাম, রাজশাহী সদর-২ ও রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর ও অধ্যাপক আবুল কালাম আজাদ।
মন্তব্য করুন