

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তবে এমন উদ্যোগের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে।
মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।
তিনি বলেন, করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুয়ের ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। আশা করি, সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
এনবিআরের প্রস্তাব অনুযায়ী, ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের মালিকদের বছরে ১০ হাজার টাকা কর দিতে হতে পারে। একই সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশাকেও নতুন করের আওতায় আনার চিন্তা করছে সংস্থাটি।
প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল নতুন এই করের আওতার বাইরে থাকতে পারে। ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির বাইকের জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি বাইকের ক্ষেত্রে বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে।
