বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস, কমতে পারে দেশেও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
স্বর্ণের বার
expand
স্বর্ণের বার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও কূটনৈতিক অনিশ্চয়তা বৈশ্বিক অর্থবাজারে নতুন করে চাপ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে অসন্তোষ প্রকাশ করায় শান্তি প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণবাজারে। যেখানে দাম নেমে এসেছে প্রায় এক মাসের সর্বনিম্ন পর্যায়ে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৮৫.২১ ডলারে দাঁড়িয়েছে। জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ২ শতাংশ কমে ৪,৫৯৮.৪০ ডলারে নেমে এসেছে। যা গত চার সপ্তাহে সর্বনিম্ন।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘায়িত হওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছে, যা মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে। তবে সুদের হার বাড়ার সম্ভাবনা থাকলে স্বর্ণের মতো অ-সুদবাহী সম্পদের আকর্ষণ কমে যায়।

এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি বৈঠকের দিকে। ধারণা করা হচ্ছে, আপাতত সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে। একই সঙ্গে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্য থেকেও ভবিষ্যৎ নীতির দিকনির্দেশনা পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সিদ্ধান্তও এই সপ্তাহে বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা চীন মার্চ মাসে ৪৭.৮৬৬ মেট্রিক টন স্বর্ণ আমদানি করেছে, যা ফেব্রুয়ারির ৪৬.২৪৯ টনের তুলনায় বেশি। হংকংয়ের আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

অন্যান্য ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৯৯ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১.৯ শতাংশ কমে ১,৯৫৬.৬৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে ১,৪৬৩.৩৯ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে। এর আগে সবশেষ আজ ২৮ এপ্রিল সকালে দেশের বাজারে সমন্বয় করা হয়েছিল স্বর্ণের ও রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা ও ২৩৩ টাকা কমানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এছাড়া বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। আর ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন