শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে: জামায়াত আমির

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম
মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির প্রধান ডা. শফিকুর রহমান
expand
মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির প্রধান ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সংবিধানের ইচ্ছা মতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য। অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরও ভয়ংকর হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।

জ্বালানি তেল ইস্যুতে সরকারের দাবির প্রসঙ্গটি তুলে তিনি বলেন, জ্বালানি সংকট নেই অথচ দেশের মানুষ ভোগান্তিতে বিপর্যস্ত। বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে। যা সরকারের বক্তব্যের সাথে সাংঘর্ষিক ও প্রতারণামূলক।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। জ্বালানি সংকট ও চাঁদাবাজির ফলে এ অবস্থা দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশের এই সংকটকালে আন্দোলন ঠিক নয়। তবে জাতীয় সংসদে বিরোধীদলের কথা আমলে না নেয়ায় রাজপথে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই বলেও জানান ডাক্তার শফিকুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন