শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও জামায়াতের আমির হচ্ছেন ডা. শফিকুর রহমান!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম
ডা. শফিকুর রহমান
expand
ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতৃত্বের পদ ‘আমির’-এর নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ সূত্র বলছে, টানা তৃতীয়বারের মতো বর্তমান আমির ডা. শফিকুর রহমান পুনর্নির্বাচিত হতে পারেন— এমন আলোচনা চলছে দলের ভেতরে-বাইরে।

দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্বে থাকা শফিকুর রহমানকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে “স্থিতিশীল নেতৃত্বের প্রতীক” হিসেবে দেখছেন অনেক রুকন ও কেন্দ্রীয় নেতা। এর আগে দলের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীও টানা তিন মেয়াদে এই পদে দায়িত্ব পালন করেছিলেন।

জামায়াতের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সাধারণত এক মাস ধরে চলে এবং এটি রুকনদের গোপন ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। চলতি অক্টোবর থেকেই জেলা ও বিভাগীয় পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা ডিসেম্বর নাগাদ শেষ হয়ে ফল ঘোষণা করা হবে।

দলের এক নির্বাহী সদস্য জানান, “আমাদের সাংগঠনিক কাঠামো খুবই নিয়মিত ও ধারাবাহিক। নির্বাচন, দায়িত্ব হস্তান্তর বা নবনির্বাচন—সব কিছুই জামায়াতের অভ্যন্তরীণ চর্চার স্বাভাবিক অংশ।”

তিনজনের প্যানেল থেকে বাছাই: প্রচলিত নিয়ম অনুযায়ী, আমির নির্বাচনে তিনজন প্রার্থী নিয়ে একটি প্যানেল গঠন করা হয়। রুকনদের ভোটে সেই তালিকা থেকে একজনকে পরবর্তী আমির হিসেবে নির্বাচিত করা হয়।

সূত্রে জানা গেছে, এবারও ডা. শফিকুর রহমান প্যানেলে থাকছেন নিশ্চিতভাবে। অন্যদিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং মিয়া গোলাম পরওয়ার। আলোচনায় বলা হচ্ছে, এম আজহারুল ইসলাম এবার প্যানেলে নেই।

কেন আবারও শফিকুর রহমান?

দলের এক সাবেক কেন্দ্রীয় নেতা বলেন, “জামায়াতে ইসলামীতে যে প্রথা চলে, সেখানে বর্তমান দায়িত্বে থাকা নেতার প্রতি রুকনদের আস্থা সাধারণত অব্যাহত থাকে। নতুন কেউ প্রার্থী হলেও ভোটে তারা খুব একটা অগ্রাধিকার পান না।”

তিনি আরও বলেন, “যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয় বা স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে আবারও ডা. শফিকুর রহমানকেই নেতৃত্বে দেখতে পাওয়া যাবে।”

নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, “আমির সাহেবের নেতৃত্বে সংগঠন অনেক বেশি গতিশীল হয়েছে। তিনি এখনো মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি সক্রিয়। তাই সংগঠনের স্বার্থে তার ধারাবাহিক নেতৃত্ব কাম্য।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন