

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গাপূজা সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান।
একইসঙ্গে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের প্রতি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হচ্ছে। এ উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন জানাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘকাল ধরে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে বিশ্বে পরিচিত। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখানে স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন ঐতিহ্য পৃথিবীতে বিরল।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, বাংলাদেশকে বিশ্বের বহু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার সাবেক হাইকমিশনার গ্রে উইল কুক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের প্রধান উইলিয়াম হানা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে অতীতে উচ্চ প্রশংসা করেছেন।
আমীর বলেন, এ দেশের ধর্মীয় উৎসব কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা জাতীয় ঐক্যের প্রতীক হয়ে সর্বস্তরের মানুষের মিলনমেলায় রূপ নেয়। পূজা ও ঈদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, যা জাতি হিসেবে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব দেশের সামাজিক সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করবে। হিন্দু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে জামায়াতের আমীর বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের সংস্কৃতির অঙ্গ, এটিকে ধরে রাখতে হবে।
তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, পূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি জামায়াতের কর্মীসহ শান্তিপ্রিয় দেশবাসীকে এ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার আহ্বান জানান।
মন্তব্য করুন
