

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স (সিপিআইএফএ)-এর প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।
সিপিআইএফএ’র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ঝৌ পিংজিয়ান এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন ঝাও ইয়োংগুও, ড. ওয়াং শু, মিস ঝাং লি, ঝাং জিং এবং মিস লিউ হোংরু।
জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এটিএম আজহারুল ইসলাম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন এবং ড. মাহমুদুল হাসান প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং মানবাধিকার বিষয়ক নানা প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, ৭৫-এর পর থেকে বাংলাদেশ-চীন সম্পর্ক পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলছে।
আমীরে জামায়াত বৈঠকে বলেন, “চীন ও বাংলাদেশ উন্নয়নের অংশীদার। বন্ধুত্বের পাশাপাশি প্রতিবেশীসুলভ ঘনিষ্ঠ সম্পর্ক আমরা অগ্রাধিকার দেই। আমাদের লক্ষ্য নিজেদের পায়ে দাঁড়ানো।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতে জামায়াতের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, কিন্তু জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সরকার বিদায় নিয়েছে। বাংলাদেশে দুর্নীতি ও অর্থপাচারের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি অবহিত করেন।
চীনা প্রতিনিধিরা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে চীনের আধুনিকায়ন ও উন্নয়ন প্রক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরেন এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে আমীরে জামায়াত বলেন, “আমরা সবসময় নির্বাচনমুখী দল, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি আমাদের রয়েছে।”
মানবাধিকার ইস্যুতেও তিনি মত দেন, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা প্রয়োজন।
বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
মন্তব্য করুন
