শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ফখরুলের ঢাল হলো জামায়াত-শিবির কর্মীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম
মির্জা ফখরুলকে নিরাপত্তার দিয়ে নিয়ে যাচ্ছেন সাবেক শিবির নেতা মারুফ হোসেন। দ্বিতীয় ছবিতে তিনি বাংলাদেশে থাকাকালীন আদালতে হাজিরার ফাইল ছবি
expand
মির্জা ফখরুলকে নিরাপত্তার দিয়ে নিয়ে যাচ্ছেন সাবেক শিবির নেতা মারুফ হোসেন। দ্বিতীয় ছবিতে তিনি বাংলাদেশে থাকাকালীন আদালতে হাজিরার ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

তবে এই সফরের শুরুর দিনেই নিউইয়র্কে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন বিএনপি ও এনসিপির নেতারা। আগেই ঘোষণাকৃত কর্মসূচি অনুযায়ী, জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি বড় অংশ।

তারা ড. ইউনূসের সফরসঙ্গী নেতাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্লোগান, কটূক্তি এবং প্রতিবাদমূলক আচরণ শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দর থেকে বেরিয়ে মির্জা ফখরুল, আখতার হোসেন ও তাসনিম জারা আলাদা আলাদাভাবে হাঁট ছিলেন। তারা কেউই নিজ দলীয় প্রবাসী কর্মীদের সংগঠিত উপস্থিতি বা নিরাপত্তা বলয়ের সুবিধা পাননি। এ সময় বিক্ষোভকারীরা কাছাকাছি চলে এসে তাদের ঘিরে ধরে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে।

বিশেষ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই দৃশ্য ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। তাকে উদ্দেশ্য করে বেশ কিছু অপমানজনক স্লোগান ও গালিও শোনা যায়। যদিও মির্জা ফখরুল ও তাসনিম জারাকে সরাসরি আক্রমণ করা হয়নি, তবে মৌখিকভাবে অপদস্থ করার চেষ্টা হয় বলেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও যুক্তরাষ্ট্রপ্রবাসী কয়েকজন অ্যাক্টিভিস্ট জানিয়েছেন, মির্জা ফখরুল বিমানবন্দর থেকে বের হয়ে কিছুদূর এগোনোর পরই একদল আওয়ামী লীগপন্থী কর্মী তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে করতে এগিয়ে আসে। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এমন সময়, ডা. তাহেরকে ঘিরে থাকা জামায়াত-শিবিরের একটি দল দ্রুত ছুটে আসে মির্জা ফখরুলের দিকে। তারা শুধু ফখরুল নন, তার সঙ্গে থাকা তাসনিম জারা এবং আখতার হোসেনকেও ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে। পরে তারা তিনজনকে সংগঠিতভাবে গাড়ির দিকে এগিয়ে দেন এবং ঘটনাস্থল ত্যাগে সহায়তা করেন।

বিশেষভাবে আলোচনায় এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ হোসেন। যিনি আওয়ামী লীগের আমলে নির্মম নির্যাতনের শিকার হন।

তিনি নিউইয়র্কে থাকা দলীয় কর্মীদের নেতৃত্ব দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, মারুফ হোসেন নিজেই সামনে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং সফরসঙ্গী নেতাদের নিরাপদে গাড়ির দিকে এগিয়ে দেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ফ্রান্সপ্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়—মির্জা ফখরুলের সামনে থেকে প্রটোকল দিচ্ছেন জামায়াত-শিবিরের এক নেতা।

তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল বলে শনাক্ত করা গেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘স্যার! আমরা জামায়াত-শিবিরের লোকজন চলে এসেছি। আপনার চিন্তার কোনো কারণ নেই।’

ঘটনাটি সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই বলছেন, এই প্রটোকল ও তাৎক্ষণিক দায়িত্ব গ্রহণ না হলে মির্জা ফখরুলদের পরিস্থিতি আরও বিব্রতকর হতে পারত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন