শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ শতাংশ বাড়িভাড়া যথেষ্ট নয়, বিশেষ বিবেচনা দরকার: এ্যানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
expand
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত হয়েছে। তবে অনেকেই এখনও ২০ শতাংশ বাড়িভাতা পাননি। মাত্র ৫ শতাংশ ভাতা যথেষ্ট নয়, বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়া প্রয়োজন। অবশ্যই এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা জনগণের ক্ষতি ডেকে আনে।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের চলমান কর্মসূচিতে একাত্মতা জানাতে এসে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

এ্যানি বলেন, ১২ অক্টোবর থেকে শিক্ষকেরা যে দাবি, আবেদন ও প্রতিবাদ জানিয়ে আসছেন, বিএনপি সেই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নীতিগতভাবে শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের দাবি শুধু চাকরির বিষয় নয়, এটি সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। বিএনপি এই মর্যাদাকে মূল্যায়ন করে।

তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার আনলেই সব সমস্যার সমাধান হবে না শিক্ষাব্যবস্থার আধুনিকায়নও জরুরি।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান পূর্বেই বলেছেন, জনগণের রায় পেলে শিক্ষাখাতকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের এই আন্দোলনের প্রয়োজন হবে না। জাতীয়করণের প্রতিশ্রুতি কোনো সাধারণ বিষয় নয় এটি আমাদের দলের অঙ্গীকার।

তিনি আরও যোগ করেন, প্রতিবারই শিক্ষকদের আন্দোলনে নামতে হয় এটি অনভিপ্রেত। আগামী দিনে যেন শিক্ষকদের আর আন্দোলনে নামতে না হয়, সে লক্ষ্যেই পূর্ণ জাতীয়করণের প্রস্তাব পুনর্ব্যক্ত করছি। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা তাঁদের মর্যাদার স্থান রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন