

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় হিসেবে স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদকে দেশের জন্য একটি “বিরাট মাইলফলক” হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বদিউল আলম মজুমদার বেগম জিয়ার প্রতিক্রিয়া তুলে ধরেন।
তিনি জানান, খালেদা জিয়া ‘জুলাই সনদ’কে দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন এবং এর মাধ্যমে বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি হবে বলে বিশ্বাস প্রকাশ করেছেন।
বদিউল আলম মজুমদার বলেন, আমাদের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়নি, তবে তিনি বেশ আনন্দিত ছিলেন। তিনি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এটি বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
বদিউল আলম মজুমদার জানান, আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বেগম জিয়ার কাছে আমন্ত্রণপত্র এবং তাঁর শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। তিনিও ইউনূস স্যারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন।
অন্যদিকে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্রটি একই সময়ে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের কাছে পৌঁছে দেন প্রধান উপদেষ্টার সহকারী মুনির হায়দার।
উল্লেখ্য, বুধবার (১৫ অক্টোবর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
মন্তব্য করুন
