

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ই তিনটি দল ইতোমধ্যেই সনদে সইয়ের প্রস্তুতি সম্পন্ন করেছে।
তবে রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, তারা সনদের চূড়ান্ত খসড়া দেখে তবেই স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দলটির পক্ষ থেকে দুইজন শীর্ষ নেতা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবেন। তারা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
দলীয় সূত্র অনুযায়ী, সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির প্রতিনিধিত্ব করেছেন, আর দলের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনের তত্ত্বাবধান দীর্ঘদিন ধরে করে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটি আগেই এই দুই নেতার নাম চূড়ান্ত করে ঐকমত্য কমিশনে পাঠিয়েছে।
বিএনপি মনে করছে, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ দেশের সংবিধান ও রাষ্ট্র সংস্কারের নতুন ভিত্তি তৈরি করবে। গণভোটের সময়সূচি নিয়ে তারা বাস্তবসম্মত সমঝোতার ওপর জোর দিচ্ছে। দলটির অভিমত, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমরা প্রস্তাব দিয়েছি, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক। এর চেয়ে সহজ, ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তাব আর কিছু হতে পারে না। প্রায় সব পক্ষই এ বিষয়ে একমত।
সূত্র অনুযায়ী, আগামী ১৭ অক্টোবরের অনুষ্ঠানেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থেকে সনদে স্বাক্ষর করবেন, যা পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য করুন
