

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জরিপে জামায়াতে ইসলামী সমর্থনের হার বৃদ্ধি পেলেও জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নয় জিতবে বিএনপি—এমন মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জরিপ আর নির্বাচনের ফলাফল এক নয়; ভোটের মাঠেই আসল চিত্র দেখা যাবে।
রুমিন ফারহানার ভাষায়, “নির্বাচন ঘনিয়ে এলে প্রত্যেক দলই নিজেদের অনুকূলে বক্তব্য দেবে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থার করা বেশ কিছু জরিপ আমরা দেখেছি। ব্যবহৃত পদ্ধতি যাই হোক, সব জরিপেই বিএনপি এগিয়ে আছে। তবে আমরা কত আসন পাবো তা নিয়ে এখনই হিসাব কষা ঠিক নয়।”
সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, জামায়াতকে ভোট দিতে চান ৩১ শতাংশ ভোটার, আর বিএনপির পক্ষে রয়েছেন ৪১ শতাংশ। এই ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, “জামায়াতের সমর্থন কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু যদি পিআর (PR) পদ্ধতি ধরে বিশ্লেষণ করা হয়, তবে এই ব্যবধান খুব বেশি নয়।”
তিনি আরও বলেন, “বর্তমানে আওয়ামী লীগ কার্যত মাঠে নেই। তাদের ভোটারদের একটা অংশ কোনোভাবেই অন্য প্রতীকে ভোট দেবে না, সেটা নিশ্চিত। কিন্তু বাকি অংশের কেউ হয়তো জামায়াতকে, কেউ এনসিপিকে কিংবা কেউ ধানের শীষে ভোট দিতে পারেন। ফলে প্রত্যেক দলের ভোটের অনুপাতে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।”
জরিপে জামায়াতের উত্থানকে নির্বাচনে তাদের সম্ভাব্য সাফল্যের ইঙ্গিত নয় বলে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “জরিপের ফল অনেক কিছুর ওপর নির্ভর করে—আপনি কোন এলাকায়, কোন বয়সের মানুষের মধ্যে বা গ্রাম-শহরভেদে জরিপ করছেন, তার প্রভাব পড়ে। তাই প্রতিটি জরিপের ফল একইরকম হয় না। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠেই সবকিছুর প্রকৃত চিত্র দেখা যায়।”
মন্তব্য করুন
