শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর: আমিনুল হক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক
expand
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু রাজনৈতিক মহল আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, কয়েকটি দল ও একটি ইসলামি রাজনৈতিক সংগঠন নির্বাচনের সময়সূচি পিছিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে, যা গণতন্ত্র ও জনগণের অধিকার বিরোধী।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর প্যারিস রোডে শাহীন স্কুল প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, যা ধর্ম ও সমাজ— উভয়ের জন্যই বিপজ্জনক।”

তিনি আরও বলেন, “আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা কখনো সফল হবে না। সম্প্রতি এক জামায়াত নেতা বলেছেন, ‘রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’—এ ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না।”

বিএনপি নেতা বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। কিন্তু একটি গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুনভাবে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, “বিএনপি মানুষের কল্যাণ, উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠান শেষে আমিনুল হক পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাধ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুবদল সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন