শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম শান্তির ধর্ম: শামা ওবায়েদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম
ইসলাম শান্তির ধর্ম: শামা ওবায়েদ
expand
ইসলাম শান্তির ধর্ম: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ২০১৭ সালে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা দেশে আশ্রয় নিয়েছিল, কারণ তারা নিজ দেশে নিরাপদে থাকতে পারছিল না। এর আগেও রোহিঙ্গারা আমাদের দেশে এসেছে, তখন শহীদ জিয়া দক্ষতার সঙ্গে তাদের দেশে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি; গদি টিকিয়ে রাখতে তিনি বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সমঝোতা করেছেন। তবে বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব হবে, ইনশাআল্লাহ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনএম একাডেমির মাঠে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্র ও জনগণের আন্দোলনের মাধ্যমে জুলুম, অত্যাচার, জেল, গুম ও খুনের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। এই সময়ে আলেম-ওলামারাও নিরাপদে থাকতে পারেননি। বিএনপি সরকারের সময় কোনো আলেম-ওলামা নির্যাতনের শিকার হননি। এছাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষও নিরাপদ ছিলেন। আমরা ফ্যাসিবাদকে মানি না। আমাদের লক্ষ্য একটি নিরাপদ দেশ।

তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, আমরা আমাদের ধর্ম পালন করব এবং ভালোবাসব, কিন্তু অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করব। এটি শহীদ জিয়ার আদর্শ, যা তারেক রহমান অক্ষরে অক্ষরে মানেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

কর্মী সম্মেলনে উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা-নগরকান্দা এলাকার সব আলেম-ওলামাকে শ্রদ্ধা করতেন। আমি ও শ্রদ্ধা করি। এখন সময় এসেছে নগরকান্দা-সালথাকে আরও শক্তিশালী করার, আলেম-ওলামা ও মাদরাসা-মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার। এছাড়া সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ এসেছে। একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি এটি করতে সক্ষম। তাই আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করি।

কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দল নেতা মাওলানা নিজাম উদ্দীন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান এবং বিএনপি নেতা রাসেদ মাতুব্বর প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন