

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি'র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর থানায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সাধারণ ডায়েরি করেছেন সুলতান সালাউদ্দিন টুকু।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারে বিদেশি একটি নাম্বার থেকে সুলতান সালাউদ্দিন টুকুর টাকা দাবি করা হয়।
বিষয়টি তার নজরে এলে তিনি চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন এবং একই ঘটনায় জালাল উদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।
তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে।
ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, গেল ২৮ তারিখ গাজিপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকু’র আত্নীয়র ক্ষতি করেছি এমন কথা জানিয়ে টাকা দাবি করে।
পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সাংবাদিক সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেয় ওই ব্যক্তি।
পরে বিষয়টি টুকু ভাইকে অবহিত করলে তিনি আমাকে সাহস যুগিয়ে পাশে থাকার আশ্বাস এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি। আমার প্রতিটা বক্তব্যে চাঁদাবাজিসহ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে চাপে রাখি।
ধারণা করছি এসব কারণে একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসেন কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছি।
এর আগেও টাঙ্গাইলে বেনামি চিঠিসহ নানাভাবে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
মন্তব্য করুন
