

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারী ভোটারদের প্রতি বিশেষ নজর দিচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতাদের ধারণা, জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশজুড়ে নারী কর্মীদের সক্রিয় করেছে এবং তারা ভোটারদের প্রভাবিত করার কাজ করছে। এ অবস্থায় বিএনপিও নারী ভোটারদের টার্গেট করে নতুন কর্মসূচি হাতে নিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম সরাসরি নয়, বরং বিএনপির অঙ্গসংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ এর মাধ্যমে পরিচালিত হবে।
২০১৯ সালের আগস্টে যাত্রা শুরু করা এ ফোরামের আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্যসচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
ফোরামের নেতারা জানিয়েছেন, ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ই হবে কার্যক্রমের প্রধান মাধ্যম। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচনকেন্দ্রিক নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে নারীর অধিকার, সুরক্ষা, ক্ষমতায়ন এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
সূত্র অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর খুলনা বিভাগ থেকে কর্মসূচি শুরু হবে। প্রথম দিন খুলনা জেলা ও মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরায় মতবিনিময় সভা হবে।
এরপর ১৫ অক্টোবর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল এবং ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কর্মসূচি চলবে। এসব সভায় নেতৃত্ব দেবেন সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরী।
নিপুণ রায় বলেন, “নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনা তুলে ধরা, তাঁদের অধিকার ও সুরক্ষার বিষয়ে আলোচনা করা এবং সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”
বিএনপির মতে, জামায়াত ইতোমধ্যে নারী ভোটারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। তাই মহিলা দল এবং নারী ও শিশু অধিকার ফোরামকে মাঠে নামিয়ে তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের সংগঠিত করে ধানের শীষের পক্ষে জনমত তৈরিই এখন বড় চ্যালেঞ্জ।
সেলিমা রহমান বলেন, “আমরা চাই নারীরা রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখুক। এজন্যই আমাদের ফোরামের মাধ্যমে সরাসরি মাঠে নামছি।”
মন্তব্য করুন
