

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের জন্য ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বরুণ কুমার সরকার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সালথার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
তিনি আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।
বরুণ কুমার সরকার বলেন, আমার জীবনের প্রথম ভোট দিয়েছিলাম বিএনপির প্রয়াত মহাসচিব কেএম ওবায়দুর রহমানকে। পরে আওয়ামী লীগের পদে থেকেও নৌকার বিপক্ষে ভোট দিয়েছি। আজ সেই কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ আমাদের মাঝে এসেছেন। তিনি বড় মাপের নেত্রী। আগামী নির্বাচনে সবাই তাকে ভোট দিন।
এর আগে বিকেল থেকে রাত পর্যন্ত শামা ওবায়েদ সালথার বিভিন্ন এলাকায় প্রায় ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মন্দিরেই তাকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
পূজামণ্ডপে বক্তৃতায় তিনি বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমাদের কাছে সংখ্যালঘু বলতে কিছু নেই। হিন্দু-মুসলিম সবার অধিকার সমান। তবে উৎসবকে কেন্দ্র করে কেউ যেন অশান্তি সৃষ্টি না করতে পারে, সে জন্য আমাদের নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারায় থাকবে।
নিজ দলের কর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি উন্নয়ন করতে চান, তবে সব অনৈতিক কর্মকাণ্ড-চাঁদাবাজি, টেন্ডারবাজি, দালালি-বন্ধ করতে হবে। আমি বেঁচে থাকতে এ ধরনের কাজ সহ্য করব না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। আমার বাবা সারাজীবন আপনাদের পাশে ছিলেন, আমিও থাকব। ফ্যাসিবাদ হয়তো পালিয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
