শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা মানেই ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক: রিজভী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
expand
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

শারদীয় দুর্গোৎসব ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করা হবে। এদেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেব না।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না। এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে।”

বিএনপির এই মুখপাত্র বলেন, “চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে — কিন্তু সব ষড়যন্ত্রের বেড়াজালকে বারবার ছিন্ন করেছে এ দেশের সব ধর্ম-বর্ণের মানুষ। দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু মানুষের মধ্যে যেই আত্মীয়ত্ববোধ, সম্প্রীতির বন্ধন — সেটাই এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।”

রিজভী বলেন, “সকল ষড়যন্ত্রের মধ্যেও আজকের এই পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ আজ প্রাণচঞ্চল। পূজা মানেই ধর্মীয় উৎসব নয়, এটি এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসব প্রতিটি মানুষের মাঝে উৎসবের অনুভূতি তৈরি করেছে।”

তিনি সরকারের উদ্দেশে বলেন, “দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোনও ধরনের উসকানি বা হামলা সফল না হয়।”

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন