শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জনগণের রায়কে ভয় পায়, তাদের সঙ্গে জোট নয়: বিএনপি নেতা হাফিজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
expand
স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই তালিকা প্রকাশ করে বিএনপি প্রচারণায় নামবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি, তবে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই।

হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। বিদেশি পরামর্শে কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে, যা বাস্তবসম্মত নয়।

ভোটে জেতার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তা সামনে আনছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিএনপি তার জবাব রাজপথেই দেবে।

একইসঙ্গে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে ১০৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেওয়াকে তিনি অযৌক্তিক বলে সমালোচনা করেন।

হাফিজ উদ্দিন জানান, বিএনপি এবার প্রায় ৭০ শতাংশ আসনে একক প্রার্থী দিতে চায়। প্রার্থী বাছাইয়ে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সৎ ইমেজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “তাদের শত্রু না ভাবলেও কিছু নেতার বক্তব্য বিব্রতকর। একজন বলেছেন, তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দলে—এটা কেবল দিবাস্বপ্ন।”

এছাড়া এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনাকে তিনি ইতিবাচকভাবে দেখলেও স্পষ্ট করেছেন, তারা বিএনপির নির্বাচনী পরিকল্পনায় নেই। তবে সংসদে প্রবেশের সুযোগ পেলে সেটা তাদের জন্য বড় সাফল্য হবে বলেও মন্তব্য করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন