শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত ভারসাম্য হারিয়ে ফেলেছে: রিজভী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
expand
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল (জামায়াতে ইসলামী) ভারসাম্য হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। জামায়াতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে, বাংলাদেশ তার মধ্যে একটি।

রোববার ( ২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে জামায়াতকে নিয়ে এমন কড়া সমালোচনা করেন তিনি।

সম্প্রতি জামায়াত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে ৫০ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভী বলেন, ‘তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই। ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা। এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা।’

তিনি বলেন, ‘আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে, এটা সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে।’

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়। এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই।

বিএনপির এই নেতা বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিস্বত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে।

রিজভী আরও বলেন, নানা ষড়যন্ত্র এখনো চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মদদ বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কুনজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে। এদেশে হিন্দু-মুসলিমে কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, চিন্তা- সব এক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন