শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যকে ‘মশকরা’ বললেন রাকিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
রাকিবুল ইসলাম রাকিব
expand
রাকিবুল ইসলাম রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যুক্তরাষ্ট্রে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন।

তাহের এক আলোচনায় মন্তব্য করেন, অনেকে বলে, জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করছি-তারা যেন আক্রমণ করে। ভারত ঢুকলেই আমাদের ওপর ১৯৭১ সালের যে দায় চাপানো হয়েছিল, তা মুছে যাবে।

এই বক্তব্যকে কেন্দ্র করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে ছাত্রদল সভাপতি রাকিব লেখেন- খুনি হাসিনার ভয়ে যারা গত দেড় দশক ধরে সারা দেশে আওয়ামী লীগের ছায়াতলে, আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকার নিচে আশ্রয় নিয়েছিল, যারা প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করেছিল-আজ তাদের পক্ষ থেকে এমন মন্তব্য জাতির সঙ্গে নির্মম রসিকতা।

তিনি আরও অভিযোগ করেন, যে সংগঠনের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরও তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কর্মসূচি করেছে, যে ছাত্রসংগঠনের অধিকাংশ শীর্ষ নেতা খুনি হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস পর্যন্ত দেয়নি, যাদের নামে গত দেড় দশকে থানায় কোনো জিডিও হয়নি-তাদের মূল সংগঠনের নেতারা এখন এমন মশকরা করছে। এটি আমাদের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের প্রতি এক নির্মম পরিহাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন