

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউ ইয়র্কে শনিবার (স্থানীয় সময়) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, “জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন। বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রমে ঐক্যবদ্ধ। আগামী দিনেও দেশের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকবো।”
ফখরুল বলেন, “ড. ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন এবং আন্তর্জাতিকভাবে তার সুনাম। তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত অবস্থায় দেখতে চান। আমি তার মধ্যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।”
তিনি আরও যোগ করেন, “৫ মাস পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যে কেউ সরকার গঠন করবে, আশা করি তারা দেশকে এগিয়ে নিতে কাজ করবে।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্যের পাশাপাশি বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি এবং সরকারি উদ্যোগে বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির প্রগতির উপস্থাপনা দেন। তিনি প্রবাসীদের অব্যাহত সহায়তা কামনা করেন এবং আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ভোট প্রক্রিয়া ব্যাখ্যা করেন।
এর পাশাপাশি ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক ইন্টারেক্টিভ প্যানেল আলোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দও বাংলাদেশের ভবিষ্যত নিয়ে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
পরে ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান, যেটি সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
মন্তব্য করুন
