রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে ভাষানটেক-ক্যান্টনমেন্ট থানা বিএনপির বিশাল শোডাউন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
ঢাকা-১৭ আসনে ভাষানটেক-ক্যান্টনমেন্ট থানা বিএনপির বিশাল শোডাউন
expand
ঢাকা-১৭ আসনে ভাষানটেক-ক্যান্টনমেন্ট থানা বিএনপির বিশাল শোডাউন

মিছিল তো মিছিল—কিন্তু সেই মিছিল যখন এত বিশাল হয়, এত দীর্ঘ হয় এবং উৎসাহী নারী-পুরুষের উপস্থিতি যখন চোখে পড়ার মতো হয়, তখন তা স্বচক্ষে না দেখলে বোঝা কঠিন। একটি নির্বাচনী এলাকায় এমন বিশাল মিছিল সচরাচর দেখা যায় না—এ কথা বলছেন স্থানীয় বাসিন্দারাই।

শুক্রবার ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার আওতায় অনুষ্ঠিত এই বিশাল মিছিলটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের অন্যতম বড় শোডাউন।

নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি থাকায় দিন যত যাচ্ছে, বিএনপির প্রতি মানুষের আগ্রহ ততই বৃদ্ধি পাচ্ছে। এতদিন যারা স্লোগান দেয়নি কিংবা মিছিলে অংশ নেয়নি, তারাও এখন স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিচ্ছে। নতুন মানুষের এই অংশগ্রহণ দেখে বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে যাচ্ছে। মিছিলে তরুণ-তরুণী, নারী-পুরুষের পাশাপাশি শিশু বালক-বালিকার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার।

ঢাকা উত্তরের ১৪ নম্বর ওয়ার্ডের ডেন্টাল কলেজ এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলটি ভাষানটেক বাজার, বাগানবাড়ি, মাটিকাটা, মাটিকাটা বাজার, ইসিবি চত্বর, বালুরঘাট, মানিকদি বাজার, নম্বরিটেক বাজার, মাস্টারটেক, উত্তর মানিকদি, পশ্চিম মানিকদি ও বাউনিয়া হয়ে কালশী এলাকায় গিয়ে শেষ হয়। প্রায় সাত থেকে আট কিলোমিটার দীর্ঘ এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।

মিছিলে অংশ নেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ঢাকা উত্তর বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক, ভাষানটেক থানা বিএনপির সভাপতি কাদির মাহমুদ, সাধারণ সম্পাদক রেজানুর সেলিম, ক্যান্টনমেন্ট থানা বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল, সহ-সভাপতি মেরাজ উদ্দিন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিল অগ্রসর হওয়ার সময় আশপাশের দোকানদার, বাড়ির গৃহিণী ও সাধারণ মানুষ হাত নেড়ে সমর্থন জানান। উঁচু ভবনের বারান্দা ও জানালায় দাঁড়িয়ে শিশু-কিশোররাও মিছিলকারীদের প্রতি ইতিবাচক সাড়া দেয়, যা মিছিলের সৌন্দর্য ও প্রাণবন্ততা বহুগুণ বাড়িয়ে তোলে।

দীর্ঘ মিছিল শেষে প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আগামীকাল ইসিবি চত্বর ও ভাষানটেকসহ বিভিন্ন স্থানে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজকের মতো আগামীকালও সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা একটি মহৎ লক্ষ্য সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট চাইছি। আপনারা শুধু নিজেরাই ভোট দেবেন না, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। আগামীকালের কর্মসূচি সফল করতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

দীর্ঘ সাত-আট কিলোমিটার পথ হাঁটার পরও মিছিলকারীদের চোখেমুখে কোনো ক্লান্তির ছাপ দেখা যায়নি। শেষে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X