

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, রাজনীতি করতে গিয়ে ফেরারি জীবন কাটিয়েছি। শত বিপদেও এলাকার মানুষের পাশে থেকেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি, বরং আমার কাছে এসে ফিরে গেছে এমন লোক খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন, জনগণ অনেক সচেতন। তারা ভালোভাবেই বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়লাভ করলেও এলাকাবাসীর সঙ্গে আছি, আর না করলেও আমি তাদের সঙ্গে আছি। আমি এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পরিবার কবর এলাকাতেই।
তিনি আরও বলেন, আমি কারও সম্পর্কে সমালোচনা করি না। চরিত্র হনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। তাই বলছি- অপরের বিরুদ্ধে নোংরামি না করে এলাকাবাসীর জন্য অতীতে কী করেছেন এবং আগামীতে কী করবেন তা বলে জনগণের কাছে ভোট চান। নির্বাচন কলুষিত না করে উৎসবমুখর করে তুলুন।
মন্তব্য করুন

