

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করে সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে তিনি এ কথা জানান।
বিএনপির নির্বাচনি ইশতেহারের সাংবিধানিক সংস্কার অধ্যায়ে কী কী সংস্কার করা হবে তা তুলে ধরে তারেক রহমান বলেন, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে।
এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, ৩১ দফার ভিত্তিতে সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, উপ-রাষ্ট্রপতি পদ সৃজন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করা, সংসদের উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, উচ্চকক্ষে ১০ শতাংশ নারী রাখা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা ও আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়, দেশ পুনর্গঠনের সময়। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সময়। বাংলাদেশকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান।
তিনি বলেন, আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনায় দেশের ৪ কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক-শ্রমিকের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানসহ একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য প্রতিটি সেক্টরভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহারে ‘করব কাজ, গড়ব দেশ' প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। এ ইশতেহারের স্লোগান হলো ‘সবার আগে বাংলাদেশ'। আগামী দিনে ক্ষমতায় গেলে ইশতেহারে ৯টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। ইশতেহারকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে। এতে মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরে বিএনপি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, প্রয়াত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করে দলটি।
মন্তব্য করুন

