

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ৭১ সালের ঘাতকদের এ দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। লাফালাফি করে কোনো লাভ নেই। বাংলাদেশকে রাজাকারদের হাতে তুলে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঢাকা-৭ আসনে সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হামিদুর রহমান হামিদকে মনোনয়ন দিয়েছেন। তিনি রাজনৈতিক জীবনে ঘাম ও শ্রম দিয়ে তৈরি একজন পরীক্ষিত বিএনপি নেতা।
তিনি বলেন, কামরাঙীরচরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হামিদুর রহমানকে বিজয়ী করতে হবে। গ্যাস, পানি ও বিদ্যুৎসহ এলাকার সব মৌলিক সমস্যা সমাধানে তিনি কাজ করবেন। ঢাকা-৭ আসনে যা দরকার, তাই তিনি করবেন।
আমান বলেন, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তার ফায়সালা হবে রাজপথে। সেই ফায়সালা হয়েছে ৫ আগস্টের গণআন্দোলনের মাধ্যমে। ২৪ জুলাইয়ের আন্দোলনে আবু সাঈদ ও ওয়াসিমের রক্ত সেই লড়াইয়ের সাক্ষী।
বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের কথা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন, আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা। তিনিই এ দেশের উজ্জ্বল দেশপ্রেমিক।
শেষে তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক হয়ে ঘরে ঘরে ধানের শীষের ভোটের দাওয়াত পৌঁছে দিন। ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোটকেন্দ্রে যাবেন। এটাই হবে আন্দোলনের চূড়ান্ত ধাপ।
মন্তব্য করুন