

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে এক তরুণীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
পুলিশ জানায়, ফাইজা সম্প্রতি জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করেন এবং সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রিল আকারে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
তার ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনায় দেখা গেছে, তিনি রাষ্ট্রবিরোধী মন্তব্যসহ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানান। এরপর অভিযান চালানো হলেও ফাইজা তখন পালিয়ে যান।
পরে রাজশাহীর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় সোমবার সন্ধ্যায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা কয়েকটি অনলাইন গ্রুপে সক্রিয় ছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মঙ্গলবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
মন্তব্য করুন
