শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আহসান হাবিব কারাগারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
expand
ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৪ অক্টোবর) পুলিশের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করে রবিবার শুনানির তারিখ নির্ধারণের অনুরোধ জানান। পরে আদালত আহসান হাবিবকে কারাগারে পাঠিয়ে জামিন আবেদনের শুনানির তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন।

এ সময় তারা গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর আলামত পাওয়ার দাবি করেছে পুলিশ।

ঘটনার পরদিন (১৩ সেপ্টেম্বর) গুলশান থানার উপপরিদর্শক মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। সেই মামলায় আহসান হাবিবকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন