শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবিদকে নিয়ে ভাইরাল ভিডিওর পেছনে শিবিরের কর্মীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
ভিডিও থেকে নেওয়া
expand
ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি প্রার্থী ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের আলোচিত উক্তি “প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না” ঘিরে বানানো ব্যঙ্গাত্মক ভিডিও সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে সাদিক কায়েমকেও “পাকিস্তানি” আখ্যা দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এটি তৈরি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কয়েকজন কর্মী।

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ের পর ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং রাতারাতি ভাইরাল হয়। এতে অংশ নেন ওমর ফারুক (ইইই ২০-২১), সোহান হাসান সাকিব (সোশ্যাল ওয়েলফেয়ার ১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ১৯-২০), নাইমুর রহমান (অর্থনীতি ২১-২২), নাহিদ হাসান (আল কুরআন ২০-২১), আবদুল্লাহ নুর মিনহাজ (আল হাদিস ২০-২১) ও মোজাম্মেল হক (দাওয়াহ ২০-২১)।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে উমামা ফাতেমা লিখেছেন, আবিদের সেই উক্তি ছিল ঐক্যের ডাক, যার মানে বিকৃত করা ঠিক হয়নি। জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, আন্দোলনের সময়কার মুহূর্ত নিয়ে ব্যঙ্গ করা লজ্জাজনক, কারণ ব্যক্তি নয়—দল ও দেশ সবার আগে।

আবিদুল ইসলাম নিজেও মন্তব্য করে জানান, শহীদদের রক্তে লেখা সেই ঐতিহাসিক উক্তিও শিবিরের কটাক্ষ থেকে রক্ষা পায়নি, যা জাতির জন্য দুঃখজনক।

বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকে ভিডিও ধারণ করা হয়, যেখানে শিবিরের উপস্থিতি দীর্ঘদিন ধরেই পরিচিত। যদিও ভিডিওর অংশগ্রহণকারীরা দাবি করেছেন, এটি ছিল আড্ডার ছলে করা মজা, উদ্দেশ্যমূলকভাবে কাউকে হেয় করার জন্য নয়।

অংশগ্রহণকারীদের একজন ওমর ফারুক বলেন, “আসলে বন্ধুদের মধ্যে মজা করছিলাম, তবে সেটা ভাইরাল হয়ে গেছে। আবিদ ভাইকে আমি নিজেও শ্রদ্ধা করি। এভাবে ছড়িয়ে যাওয়া ঠিক হয়নি।”

অন্য আরেকজন সোহান হাসান সাকিব জানান, এটি ছিল কেবল রাজনৈতিক স্যাটায়ার, কিন্তু খণ্ডিতভাবে ছড়ানোয় ভুল বার্তা গেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আবিদসহ যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন