

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন নাসির উদ্দিন নাসির।
শুক্রবার (১৪ আগস্ট) ফেসবুক আইডিতে দেয়া এক দীর্ঘ বার্তায় তিনি নিজের ১৭ বছরের রাজনৈতিক জীবনের সংগ্রাম, ত্যাগ এবং সংগঠন পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে এই বিদায়ের তথ্য জানান।
ফেসবুক পোস্টে নাসির উদ্দিন নাসির লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন। একটি দীর্ঘ, কঠিন, ঘটনাবহুল এবং একই সঙ্গে গৌরবের অধ্যায়ের সমাপ্তি ঘটছে। বিদায়ের এই মুহূর্তে স্বাভাবিকভাবেই চোখের সামনে ভেসে উঠছে অসংখ্য স্মৃতি—সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, বেদনা এবং সবচেয়ে বেশি করে আমার সহযোদ্ধাদের ভালোবাসা।
নোয়াখালীর সুবর্ণচরের সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতিতে যুক্ত হওয়া এবং পরবর্তীতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার দীর্ঘ পথপরিক্রমা স্মরণ করেন তিনি।
আন্দোলন-সংগ্রামের স্মৃতিকথা তুলে ধরে নাসির লিখেন, ২০২৪ সালের ১ মার্চ দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা ছিল জুলাই-আগস্টের গণআন্দোলন। ওই আন্দোলন সফল করতে রাজপথে ছাত্রদলের নেতাকর্মীদের সাহসী ভূমিকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। আন্দোলনের সময়ে নাহিদ, আসিফ, হাসনাত ও সারজিসদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া তৎকালীন নোয়াখালী-ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যায় বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দ্রুত ত্রাণকাজে ঝাঁপিয়ে পড়ার স্মৃতির কথাও পোস্টে উল্লেখ করেছেন তিনি।
দায়িত্ব পালনকালে দুই হাজারেরও বেশি সাংগঠনিক কমিটি গঠনের অর্জনের কথা বললেও কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ সম্পন্ন করতে না পারা এবং ছাত্রসংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার বিষয়ে আক্ষেপ ও দুঃখ প্রকাশও করেছেন বিদায়ী এ সাধারণ সম্পাদক।
পদ ছাড়লেও আদর্শ ও সংগঠন থেকে দূরে যাবেন না উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া যায়; আদর্শ থেকে নয়, ভালোবাসা থেকে নয়, সহযোদ্ধাদের কাছ থেকে নয়। আগামী দিনে ছাত্রদলে যারাই নেতৃত্বে আসবেন, তাদের নেতৃত্বে ছাত্রদল আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। তাদের প্রয়োজনে আমি আগের মতোই পাশে থাকব।
রাজনৈতিক সফরে কোনো সিদ্ধান্তে বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান নাসির। একই সঙ্গে পরিবার, সহযোদ্ধা ও সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর আহ্বান জানান তিনি।

