

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা সংঘাতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি।
বুধবার (৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমন কথা বলেন নাছির।
তিনি আরো বলেন, “ছাত্রশিবির সভাপতির 'আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না' - এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। ”
তিনি আরো বলেন, “এখনও তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে। এটি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি। ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর, চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করেছেন আপনারা। কিন্তু শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে। এখন আর ছাড় দিচ্ছে না।”
সবশেষ তিনি বলেন, “১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা সংঘাতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”
প্রসংগত, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সেখানে বক্তব্য প্রদানকালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ক্যাম্পাসে আবারও হল দখল, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ছাত্রদলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি যদি তাদের টোকাই বাহিনীর লাগাম না ধরে, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। তখন কোনো ক্যাম্পাসে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না। এর প্রেক্ষিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা বলেছেন নাছির।


