শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০৯ আসনে এবি পার্টির প্রার্থী ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম
expand
১০৯ আসনে এবি পার্টির প্রার্থী ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০৯টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন।

ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন প্রমুখ।

প্রার্থীর তালিকা ও নির্বাচনী আসন: ঘোষিত তালিকায় বিভিন্ন বিভাগের ১০৯টি আসনের প্রার্থীদের নাম রয়েছে। উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ প্রায় সব জেলার আসনেই দলের প্রার্থী মনোনীত হয়েছেন। রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার একাধিক আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার ও পার্বত্য খাগড়াছড়ি জেলাও এবি পার্টির মনোনয়ন তালিকায় এসেছে।

প্রার্থী তালিকায় নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব তুলনামূলক কম—এমন প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, “নারীরা এখনও রাজনীতিতে পিছিয়ে থাকতে চান।

তাদের জন্য সমাজে রাজনৈতিক পরিবেশ এখনো পুরোপুরি সহায়ক নয়।” তবে তিনি জানান, ভবিষ্যৎ তালিকায় ৮ থেকে ১০ জন নারী প্রার্থী যুক্ত হতে পারেন।

তিনি আরও বলেন, দলটি এখনও নতুন, এবং নানা ভুল ধারণা ও অপপ্রচারের শিকার। “আমরা চেষ্টা করছি সংগঠন বিস্তৃত করার, সেইসঙ্গে নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ানোর।”

এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে তাদের জোটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তারা একটি মধ্যপন্থী রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে কাজ করছেন।

এই আলোচনায় এখন পর্যন্ত গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল—নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি—সহ আরও তিনটি দল (এবি পার্টি, এনসিপি ও গণঅধিকার পরিষদ) জড়িত।

তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন