

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের ভোটারদের বয়সভিত্তিক রাজনৈতিক পছন্দ নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিং পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বয়স যত বাড়ছে, বিএনপির প্রতি সমর্থন তত বাড়ছে। বিপরীতে, কম বয়সী ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি।
সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত “ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সংস্থাটি এই জরিপের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খণ্ড প্রকাশ করে।
জরিপে দেখা যায়, সব বয়স শ্রেণিতেই বিএনপি এগিয়ে আছে। তবে বিএনপির সমর্থন ধীরে ধীরে বাড়ছে বয়সের সঙ্গে সঙ্গে। অন্যদিকে, জামায়াতের প্রতি ঝোঁক তুলনামূলকভাবে বেশি তরুণ ভোটারদের মধ্যে।
বয়সভিত্তিক ফলাফলে দেখা যায়—
১৮-২৮ বছর বয়সী (জেন জি) ভোটারদের মধ্যে বিএনপিকে সমর্থন করেন ৩৪.৩%, জামায়াতকে ৩২.৮%, আওয়ামী লীগকে (বর্তমানে নিষিদ্ধ) ১৮.৮%, এনসিপিকে ৬.৮% এবং অন্যান্য দলকে ৭.৩%।
২৯-৪৪ বছর বয়সী (মিলেনিয়ালস) শ্রেণিতে বিএনপির সমর্থন ৪১.৬%, জামায়াত ৩১.৪% এবং আওয়ামী লীগ ১৮.৫%।
৪৫-৬০ বছর বয়সী (জেন এক্স) ভোটারদের মধ্যে বিএনপির পক্ষে ৪৬.৪%, জামায়াতের ২৮% এবং আওয়ামী লীগের ১৮.৮% সমর্থন দেখা গেছে।
৬০ বছরের বেশি (বুমারস) ভোটারদের মধ্যে বিএনপিকে সমর্থন করেন ৪৮.৬%, জামায়াতকে ২৬.৫% এবং আওয়ামী লীগকে ১৯%।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, তরুণ প্রজন্মের (জেন জি) মধ্যে জামায়াত দ্বিতীয় অবস্থানে থাকলেও বয়স্ক ভোটারদের মধ্যে তাদের সমর্থন অর্ধেকে নেমে আসে।
ইনোভিশনের “পিপলস ইলেকশন পালস” জরিপের দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। সারাদেশের ৬৪ জেলায় ১০ হাজার ৪১৩ জন ভোটারকে নিয়ে এ জরিপ পরিচালিত হয়, যার মধ্যে পরিবারভিত্তিক ৯ হাজার ৩৯৮ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১ হাজার ১৫ জন উত্তরদাতা ছিলেন।
প্রতিবেদনটির এই খণ্ডে ভোটারদের রাজনৈতিক পছন্দ ছাড়াও ভারত–পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা, দলীয় অনুমোদন এবং ভোটের সিদ্ধান্তে প্রভাবক বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে।
মন্তব্য করুন
