

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন। বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদক জানায়, কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি এবং অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলছে। এ কারণে তারা দেশ ত্যাগ করলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য আদালতের কাছে তাদের বিদেশযাত্রা বন্ধের আবেদন করা হয়েছিল।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট জি এম কাদের ও তার পরিবারের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। গোপন সূত্রে জানা গেছে, তারা এসব সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা চালাচ্ছেন। ফলে বিদেশে চলে গেলে অভিযোগের অনুসন্ধান জটিল হয়ে পড়তে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুদকের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশযাত্রা নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি ছিল। আদালতের নির্দেশের ফলে কাদের ও তার স্ত্রী আপাতত বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
মন্তব্য করুন
