

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, যেখানে ভারতে অবস্থানরত এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির বরাতে সোমবার (১৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা ভারত সরকারের প্রতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানাই। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।
বিবিসি জানিয়েছে, এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য চিঠিও পাঠানো হয়েছে। তবে বাংলাদেশের এসব অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়েকবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক উত্তর মেলেনি।
মন্তব্য করুন

