বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ এএম আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ছরওয়ারে আলম।

তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ড হ্যাকের ঘটনায় জড়িতদের খুঁজতে রাজধানীর রাজারবাগ এলাকায় একটি সরকারি কোয়ার্টারে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর এ অভিযান শুরু করা হয়।

জানা গেছে, রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশে অবস্থানরত ওই কোয়ার্টারে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত একজনকে আটক করতে এ অভিযান চলছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাবে না। পরে জানানো হবে।’

এর আগে গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে পোস্টটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।

এদিকে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাকের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকারদের কবলে পড়ে। পরে বিকেল ৪টা ৩৭ মিনিটে ওই আইডি থেকে একটি অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিকেল ৫টা ৯ মিনিটে আইডিটির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। পরে বিকেল ৫টা ২২ মিনিটে আইডিটি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে একটি জরুরি ঘোষণা দেয়া হয়।

ঘটনার পর ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। সে সময় হ্যাকিংয়ের উৎস ও পদ্ধতি নিয়েও একটি প্রেজেন্টেশন দেয়া হয় বলে জানায় জামায়াত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X