

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, সংঘর্ষ এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় স্থানীয় একটি মসজিদের ইমামসহ ১৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়ালন্দে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আজ সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করে।
এ ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মারামারি, হত্যাকাণ্ড, মাজার ভাঙচুর, সম্পদ লুট, কবর থেকে লাশ উত্তোলন এবং পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে সহিংসতার ঘটনা ঘটে। গত ৫ সেপ্টেম্বর একদল হামলাকারী দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালালে ভক্তদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় একজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রশাসন।
মন্তব্য করুন
