

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। এতে করে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে পুখুরিয়া ও সুয়াদি এলাকাসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে, গাছ ও বাঁশ ফেলে সড়ক অবরোধ শুরু করেন কয়েক হাজার মানুষ। ফলে দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।
অবরোধকারীরা জানান, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।
তাদের দাবি, পূর্বের মতো ভাঙ্গা উপজেলাকে কেন্দ্র করে ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, সকাল সোয়া ৮টার পর থেকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক, ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়ক এবং গোপালগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। বেলা ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের পুনঃসীমানা তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসনের অংশ হিসেবে থাকা ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ ও অবরোধ শুরু করেন, যা দফায় দফায় অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
