

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ জমা দেবে।
এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা সব আলোচনার নথি, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দলিলগুলো জাতির জন্য অমূল্য সম্পদ। আমরা কোন পরিস্থিতিতে কী প্রক্রিয়ায় সিদ্ধান্তে পৌঁছেছি, তা সবার জন্য সংরক্ষণ করা এবং ভবিষ্যতের গবেষক ও গবেষণার কাজে ব্যবহারযোগ্য রাখা জরুরি।
যত বৈঠক হয়েছে, সেগুলোর ছবি ও ভিডিও, চিঠিপত্র-সবকিছু যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। লাইভ সম্প্রচারিত আলোচনাগুলোও সংরক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, এই দলিলগুলো ইতিহাসের জীবন্ত দলিল হিসেবে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম এগুলো দেখে ভবিষ্যতের রাজনৈতিক আলোচনায় কাজে লাগাতে পারবে। এ সময় রাজনৈতিক দল, কমিশনের কর্মকর্তা-কর্মচারী, গবেষক এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
সমাপনী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবদান রেখেছে। রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত হয়েছে।
মন্তব্য করুন
