শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন সরকার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালেও যাবো না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৩ এএম
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন
expand
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

নতুন সরকার ক্ষমতায় এলেও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে যোগ দেবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত এর বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আমার সেফ এক্সিটের কোনো দরকার নেই। আমি সম্পূর্ণ স্বচ্ছভাবে কাজ করছি। কেউ কেউ বলছেন উপদেষ্টারা পরবর্তী সরকারে থাকতে চান—আমি স্পষ্ট করে বলছি, কোনো সরকার যদি আমাকে আমন্ত্রণ জানায়ও, আমি মন্ত্রিসভায় যোগ দেব না।”

খালিদ হোসেন আরও বলেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ প্রস্তাব দিয়েছেন যেন অধ্যাদেশ জারি করে পরবর্তী নির্বাচিত সরকারে টেকনোক্র্যাট হিসেবে কাউকে অন্তর্ভুক্ত না করা হয়। তার মতে, “এমন ব্যবস্থা নিলে সেটা আরও ভালো হবে।”

তিনি নিজের কাজের প্রসঙ্গে জানান, “মন্ত্রণালয়ের তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা, মন্দির, চার্চ ও অন্যান্য উপাসনালয়ের উন্নয়নে অর্থ দেওয়া হয়েছে। এসব অর্থ সরকারি বরাদ্দ থেকেই আসে, যা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা হয়। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই এখানে সবাইকে সমানভাবে বিবেচনা করতে হয়।”

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি সম্প্রতি চট্টগ্রামে কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়েছি। পারস্পরিক সৌহার্দ্য বজায় না থাকলে কোনো রাষ্ট্র এগোতে পারে না।”

নিজেকে নিয়ে ভুয়া তথ্য প্রচারের প্রসঙ্গে তিনি মজা করে বলেন, “ফেসবুকে কেউ কেউ লিখেছে আমি নাকি মারা গেছি। এটা সত্য নয়—একদিন মরব ঠিকই, কিন্তু এখনো বেঁচে আছি।”

উপদেষ্টা আরও জানান, “আমরা প্রায় ১৫ মাস ধরে দায়িত্ব পালন করছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দায়িত্ব শেষ হবে। এর মধ্যেই আমরা অনেক কাজ করেছি—আমি কোনো দুর্নীতি করিনি, বরং হাজিদের সাড়ে আট কোটি টাকা ফেরত দিয়েছি। দীর্ঘ বছরের অনিয়ম দূর করা সময়সাপেক্ষ, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সৎ ও স্বচ্ছভাবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন