

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থেকে নিজের গাড়ি বাঁচাতে প্রাণপণ লড়েছেন এক তরুণ চালক। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাত উপেক্ষা করে তার সেই মরিয়া প্রচেষ্টার দৃশ্য এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায়। ধারণা করা হচ্ছে, এটি গত ২৩ অক্টোবর গভীর রাতে ঘটে।
একটি বাসের যাত্রী ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে তীব্র আলোড়ন তোলে।
ভিডিওতে দেখা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনের বাম্পারে এক যুবক ঝুলছেন। তিনি উপরের কাভার ধরে গাড়িতে ওঠার চেষ্টা করছেন, আর ভেতরে থাকা দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করছেন। ধারণা করা হচ্ছে, তারা গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, আর পেছনে থাকা যুবকই ছিলেন এর চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে ঘটে থাকতে পারে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় চালক পেছনে লাফিয়ে পড়ে নিজের যানটি রক্ষার চেষ্টা করেন। আক্রমণকারীরা তাকে ফেলে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়।
পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভিডিওটি যাচাই করে অভিযুক্তদের শনাক্তে জেলা ও গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। ঘটনাস্থল শনাক্তের চেষ্টা চলছে।”
বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান জানান, ঘটনাটি সম্ভবত মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোনো স্থানে ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভিডিও প্রকাশের পর স্থানীয় এলাকায় অভিযান চালালেও এখনো সংশ্লিষ্ট অটোরিকশা বা ছিনতাইকারী দলের সন্ধান মেলেনি। এদিকে নেটিজেনরা চালকের সাহসিকতার প্রশংসায় ভাসছেন।
অনেকে মন্তব্য করেছেন, “নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি বাঁচানোর এমন দৃশ্য সত্যিই অবিশ্বাস্য।” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন—“এমন ভয়াবহ মুহূর্তে আশপাশের মানুষ কেন সাহায্যে এগিয়ে এলেন না?”
মন্তব্য করুন
