শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
expand
কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার ১১ দিন পরই সেই সিদ্ধান্ত স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, এ বিষয়ে দাপ্তরিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট মেম্বার ও কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট বাস্তবায়ন কমিটির সভাপতি এয়ার কমোডোর নূর-ই আলম জানিয়েছেন, তারা বিষয়টি মৌখিকভাবে শুনেছেন, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত চিঠি পাননি।

চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। ১২ অক্টোবর প্রকাশিত ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সি-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষর করেন। সেখানে বলা হয়, সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর নিয়ম ১৬(১)-এর ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দরকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন জারির পর বেবিচক ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, আন্তর্জাতিক ফ্লাইট চালুর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। শিগগিরই আন্তর্জাতিক রুটে উড্ডয়ন শুরু হবে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হোসেন বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কাস্টমস ও ইমিগ্রেশন সেবা প্রস্তুত আছে। কিছু কাজ বাকি থাকলেও অনুমোদন কার্যকর থাকলে এ মাসেই আন্তর্জাতিক ফ্লাইট শুরু করা সম্ভব হতো।

সরকারি তথ্য অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ে ৬,৭৯০ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে। প্রস্থও ১৫০ ফুট থেকে ২০০ ফুটে উন্নীত হচ্ছে। রানওয়ের লোড ক্ষমতা বাড়ানো, ওয়াইড-বডি বিমান চলাচলের উপযোগী করা এবং রানওয়ে লাইটিং আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের নতুন টার্মিনাল ভবন ও সংযোগ ট্যাক্সিওয়ে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন